ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত তামিলনাড়ুর রাজনীতিকে ঘিরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত নন এবং এ ধরনের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে ঘিরে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে রজনীকান্তের নামও আলোচনায় আসে। বিশেষ করে ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ছড়ায়।
এ বিষয়ে রজনীকান্ত বলেন, স্ট্যালিন তার বহু বছরের বন্ধু। নির্বাচনে পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ করলেও সেটিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা তিনি গ্রহণযোগ্য মনে করেন না। তিনি জানান, এসব গুঞ্জন তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবুও তিনি বিজয়ের রাজনৈতিক উত্থানকে ইতিবাচক হিসেবে দেখেন এবং তাকে শুভকামনা জানিয়েছেন।
রজনীকান্ত বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং ভবিষ্যতেও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা নেই। বিজয়ের সঙ্গে তার কোনো বিরোধ নেই বলেও তিনি পরিষ্কার করেন।
নতুন নেতৃত্বকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতি একটি দায়িত্বপূর্ণ ক্ষেত্র, তাই বিজয়কে অন্তত দুই বছর সময় দেওয়া উচিত। একই সঙ্গে সমর্থকদেরও ধৈর্য ও দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন তিনি।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে চলচ্চিত্র তারকাদের ভূমিকা নতুন নয়। এম জি রামাচন্দ্রন ও বিজয়কান্তের পর এবার বিজয় রাজনীতিতে উঠে এসেছেন। দীর্ঘদিন ধরে রজনীকান্তকেও সম্ভাব্য রাজনৈতিক মুখ হিসেবে বিবেচনা করা হলেও তিনি শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতিতে যোগ দেননি।
প্রতিবেদকের নাম 























