ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’ এবার পৌঁছে গেছে পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নাসার নভোচারীরা শূন্য অভিকর্ষ বা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বলটি নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন।
নাসার তথ্য অনুযায়ী, ফুটবলের গতিবিদ্যা, ভারসাম্য এবং ভরকেন্দ্রের প্রভাব বোঝার উদ্দেশ্যেই এই বিশেষ গবেষণা পরিচালিত হয়েছে। একই সঙ্গে ২০১৯ সালের একটি পুরোনো গবেষণার ধারাবাহিকতা নতুনভাবে বিশ্লেষণ করা হয় এই পরীক্ষায়।
শূন্য অভিকর্ষে বলের আচরণ পর্যবেক্ষণ
গবেষণায় দেখা হয়, শূন্য অভিকর্ষে একটি ফুটবল কীভাবে আচরণ করে এবং ভরকেন্দ্রের সামান্য পরিবর্তন এর গতিপথে কী ধরনের প্রভাব ফেলে। সাধারণ মাঠে খেলায় বল বাতাসে ভেসে ওঠার সময় যে কম্পন বা অস্থিতিশীলতা দেখা যায়, তার পেছনের বৈজ্ঞানিক কারণও এতে বিশ্লেষণ করা হয়েছে।
নভোচারীরা বলের নিখুঁত ভারসাম্য এবং ত্রুটিপূর্ণ ভারসাম্যের মধ্যে পার্থক্য পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বলের ভেতরে থাকা সেন্সরগুলো মহাকাশ পরিবেশে কার্যকারিতা বজায় রাখতে পারছে কি না, তাও পরীক্ষা করা হয়।
‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি
ফিফার মতে, ‘ট্রাইওন্ডা’ নামটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এই তিন দেশে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের প্রতীক হিসেবে বলটির নামকরণ করা হয়েছে।
বলটির ডিজাইনে বিশেষ ধরনের সেলাই ব্যবহার করা হয়েছে, যা বাতাসে উড়ার সময় স্থিতিশীলতা বাড়ায়। ভেজা আবহাওয়াতেও বলের নিয়ন্ত্রণ সহজ রাখতে এর উপরিভাগে বিশেষ টেক্সচার যুক্ত করা হয়েছে।

৫০০ হার্টজ সেন্সর প্রযুক্তি
বলটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ভেতরে থাকা ৫০০ হার্টজ মোশন সেন্সর চিপ। এই চিপ প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের অবস্থান ও গতির তথ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) সিস্টেমে পাঠাতে সক্ষম।
এর ফলে অফসাইড বা অন্যান্য জটিল সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গবেষণার লক্ষ্য
বিশেষজ্ঞদের মতে, মহাকাশে এই ধরনের পরীক্ষা শুধু ফুটবলের প্রযুক্তিগত উন্নয়নেই নয়, বরং ভবিষ্যতে ক্রীড়া বিজ্ঞান ও বায়োমেকানিক্স গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 




















