
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ব্যতিক্রমী এই উদ্যোগকে রাজ্যের অন্যতম বড় জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে চালু হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে নবজাতকদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পারিবারিক ঐতিহ্যের বার্তা তুলে ধরতে চায় রাজ্য সরকার।
তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি ঐতিহ্যবাহী প্রথা রয়েছে, যেখানে নবজাতক শিশুকে আশীর্বাদ ও উপহার প্রদান করেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তামিল সংস্কৃতির মূল্যবোধকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
সরকারের ঘোষণা অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। তবে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।
এই প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকদের পরিবারের জন্য এটি যেমন আর্থিক সহায়তার প্রতীক হবে, তেমনি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকেও আরও সুদৃঢ় করবে বলে মনে করছে সরকার।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী ইশতেহারেই এই কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দলটি।
প্রতিবেদকের নাম 

















