ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পর এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও জানান, বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও দলীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং প্রতিবাদ মিছিল করেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 




















