সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাপ্তরিক দুপুরের খাবারের পেছনে প্রতিদিন সাড়ে ১০ লাখ টাকা এবং বছরে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হতো বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ১৫০ টাকায় খাবার খান বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আট দিনের সফরে বরগুনায় গিয়ে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ হুইপ।
নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান সম্প্রতি বলেছেন, দেশের একটি পয়সাও তাঁর হাত দিয়ে নষ্ট হতে দেবেন না। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। সে সময় খাবারের তালিকায় ছিল ডেরস ভাজি, কুমড়া ভর্তা ও ডাল।
তারেক রহমানের জীবনযাপন সম্পর্কে চিফ হুইপ বলেন, তাঁর পোশাক সাধারণ এবং জীবনযাপন সাদামাটা। মানুষের মূল্যায়ন বাহ্যিক চেহারা দিয়ে নয়, বরং হৃদয় ও বিশ্বাস দিয়ে করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশের জন্য তাঁর মতো একজন প্রধানমন্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়। তাঁর পরিবর্তে অন্য কেউ দায়িত্ব নিলে দেশ আরও ভালোভাবে পরিচালিত হবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের কর্মীবান্ধব হতে হবে এবং তাঁদের সঙ্গে কর্মীদের নিয়ে চলতে হবে। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বিএনপির কর্মীরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে নেতাদের এ অবস্থানে এনেছেন। তাই তাঁদের মূল্যায়ন করতে হবে।
চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন নূরুল ইসলাম মণি। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই এবং এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বহিষ্কারের বিষয়ে চিফ হুইপ বলেন, শুধু বহিষ্কারই মূল বিষয় নয়; পরবর্তী আইনি ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, দলীয় প্রতীকের পরিবর্তে জনপ্রিয় ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। ধানের শীষ, নৌকা কিংবা অন্য কোনো দলীয় প্রতীক থাকবে না। তাঁর মতে, দলীয় প্রতীক না থাকলে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের অবনতি কমবে এবং উৎসবমুখর পরিবেশে মানুষের অংশগ্রহণ বাড়বে। বিএনপির বাইরে থাকা জনপ্রিয় ব্যক্তিরাও যাতে নির্বাচিত হতে পারেন, সে সুযোগ রাখার কথা বলেন তিনি।
দেশের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ জিয়াউর রহমানের শাসনামলের প্রসঙ্গ টানেন। তাঁর দাবি, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিন বছরের মধ্যে দেশে খাদ্যসংকট দূর হয়েছিল এবং পরে বাংলাদেশ সেনেগালে খাদ্য ও চাল রপ্তানি করেছিল। একই সঙ্গে গত ১৭ বছরে দেশের অর্থনীতি, সমাজনীতি ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান গণতন্ত্রের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছেন এবং দেশের সংকট মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিবেদকের নাম 






















