
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলার মধ্যে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাকি মামলাগুলোও যাচাই-বাছাই করে ধাপে ধাপে প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত ও প্রত্যাহারের জন্য জেলা পর্যায়ে একটি কমিটি এবং কেন্দ্রীয় পর্যায়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এসব কমিটি মামলার নথিপত্র, এজাহার, চার্জশিট ও সংশ্লিষ্ট মতামত পর্যালোচনা করে সুপারিশ দিচ্ছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের সময় অনেক ক্ষেত্রে দলীয় পরিচয় স্পষ্টভাবে উল্লেখ না থাকায় সুনির্দিষ্টভাবে কোন দলের কত মামলা রয়েছে তার নির্ভরযোগ্য পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, ২০০৭ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১ লাখ ৪২ হাজারের বেশি মামলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে বা হয়রানির জন্য দায়ের করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, সেগুলো জনস্বার্থ বিবেচনায় ধাপে ধাপে প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















