সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা-এ সরকার ঘোষিত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা-আবর্জনা ও মাটি মিশ্রিত নিম্নমানের উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে চারা ও সার বিতরণের সময় কৃষকরা এ অভিযোগ করেন। অভিযোগের পর অনেক কৃষক জৈব সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে ফিরে যান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ জন কৃষক ও ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে আম, জলপাই, নিম, ঘোড়ানিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি গাছের জন্য ৩০ কেজি করে জৈব সার দেওয়ার কথা রয়েছে।
বাড়াকান্দি গ্রামের কৃষক আলতাফ হোসেনসহ কয়েকজন উপকারভোগী জানান, বিতরণ করা অনেক বস্তায় জৈব সারের পরিবর্তে পলিথিন ও ময়লা-আবর্জনা মিশ্রিত মাটি পাওয়া গেছে। বিষয়টি বুঝতে পেরে অনেকেই সার না নিয়ে শুধু চারা সংগ্রহ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, যেসব বস্তায় নিম্নমানের বা ভেজাল সার পাওয়া গেছে, সেগুলো বিতরণ না করে আলাদা রাখা হয়েছে। সংশ্লিষ্ট সরবরাহকারীর কাছে এসব সার ফেরত পাঠানো হবে এবং কৃষকদের জন্য ভালো মানের জৈব সার সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পর নিম্নমানের সার ফেরত দিয়ে নতুন করে মানসম্মত জৈব সার সংগ্রহ করে কৃষকদের মধ্যে পুনরায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 





















