শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির আতঙ্কে কৃষকেরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। ফসল রক্ষায় অনেকেই বাধ্য হয়ে আধাপাকা বোরো ধান কেটে নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও বোরো ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে ধান পাকতে শুরু করলেও কিছু এলাকায় এখনো ফসল সম্পূর্ণ প্রস্তুত হয়নি।
তবে খাবারের সন্ধানে বন্যহাতির দল নিয়মিতই পাহাড় থেকে নেমে এসে ধানক্ষেতে হানা দিচ্ছে। এতে ধান খেয়ে এবং মাড়িয়ে ব্যাপক ক্ষতি করছে হাতির পাল। প্রায় প্রতিদিনই বিকেল বা সন্ধ্যার পর এসব এলাকায় হাতির আনাগোনা দেখা যাচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে তারা ক্ষেতের পাশে টং ঘর বানিয়ে রাতদিন পাহারা দিচ্ছেন। কেউ কেউ ডাক-চিৎকার, টিন পেটানো কিংবা মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। তবে কেরোসিনের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে অনেকেই সমস্যা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন।
আন্ধারুপাড়া গ্রামের কৃষক মেজেস সাংমা বলেন, বন্যহাতির আক্রমণে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। তারা বাধ্য হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।
দাওধারা গ্রামের কৃষক মো. হালিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষতিপূরণ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় এবং সবাই তা পান না। অনেক সময় ক্ষতিপূরণ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এ বিষয়ে মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী জানান, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং স্থানীয়দের সচেতন করতে বন বিভাগ কাজ করছে। পাশাপাশি কৃষকরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিবেদকের নাম 

























