জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেকেই এখন ভারতকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলতে শুরু করেছেন। যারা মানুষ হত্যা করে পালিয়ে গেছেন, ভারত তাঁদের আশ্রয় দিয়েছে। এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিচার কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা রয়েছে। যারা দেশের বাইরে পালিয়ে আছেন, তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর যারা দেশে রয়েছেন, তাঁদের শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ন্যায্য আন্দোলন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই আন্দোলনে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই শ্রমিকদের সচেতন থাকতে হবে, যাতে তাঁদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন পদ্ধতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়—যাদের আশ্রয় দিয়েছে, তাঁদের মাধ্যমে, নাকি বাংলাদেশ সরকারের মাধ্যমে?
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে এনে কোনো একটি জেলায়—গোপালগঞ্জে—নাশকতা করার অধিকার কারও নেই। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের বিষয়। তবে রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। সরকারের হানিমুন পিরিয়ড শেষ। এখন ভালো কিছু করে দেখানোর সময়।
দলটির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সারা দেশে এখন আওয়ামী লীগের লক্ষ্যবস্তু এনসিপি। কারণ, আওয়ামী লীগ জানে, এনসিপি থাকলে বাংলাদেশের কোথাও তাদের জায়গা হবে না।
তিনি বলেন, হবিগঞ্জের একজন চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা ও হামলা করা হয়েছে। বিএনপি সরকার কি এসব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারে না? কিন্তু তারা তা করবে না।
প্রতিবেদকের নাম 

























