
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান আপাতত শেষ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমান্ড জানিয়েছে, বর্তমান পর্যায়ে প্রতিশোধমূলক অভিযান সমাপ্ত করা হলেও ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৮ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হামলার ‘দাঁতভাঙা জবাব’ দিতে ইরান প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং সেই প্রতিশোধমূলক পদক্ষেপ আপাতত সম্পন্ন হয়েছে। ফলে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
তবে একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি শত্রুতা ও আগ্রাসী কার্যক্রম অব্যাহত রাখে, বিশেষ করে লেবাননের ভূখণ্ডে নতুন করে হামলা চালায়, তাহলে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি ইসরায়েল ও ইরান উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, সামরিক অভিযান স্থগিতের ঘোষণা সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিলেও অঞ্চলটির পরিস্থিতি এখনও নাজুক রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
প্রতিবেদকের নাম 























