ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে চট্টগ্রাম নগরের দুটি স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিআরবিতে বড় পর্দায় খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কে দর্শকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।
রোববার (১৯ জুলাই) রাতে ঘটে যাওয়া দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন ধাওয়া করছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশিরভাগের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। একই এলাকায় আরও একজনকে ধাওয়া ও একপর্যায়ে মারধরের ঘটনাও ভিডিওতে দেখা যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, শত শত দর্শক একসঙ্গে খেলা দেখেছেন। খেলা চলাকালে ছোটখাটো কথা-কাটাকাটি হতে পারে। তবে কাউকে মারধরের বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল বলেও জানান তিনি।
এদিকে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজব ছড়িয়ে পড়লে দর্শকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, লোকজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন এবং চারদিকে প্লাস্টিকের চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যাওয়ার পর মারামারির গুজব ছড়িয়ে পড়ে। এতে দর্শকদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। পরে পুলিশ প্রকৃত ঘটনা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দর্শকরা আবারও ফিরে এসে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করেন।
প্রতিবেদকের নাম 

























