সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) ছিল তাদের শেষ কর্মদিবস।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের প্রধান রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ডিআইজি মো. আবুল খায়ের।
অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় দায়িত্ব পালনের আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, চলতি বছরের ৪ জুন রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। তবে পদোন্নতির পরও একই দায়িত্বে থেকে অবসরে যান। গত ২৮ জুন পুলিশের চার অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হলেও তাকে নতুন কোনো দপ্তরে পদায়ন করা হয়নি।
ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনের আগে রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ছিলেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ডিবিপ্রধানের পদ থেকে প্রত্যাহার করা হয়।
৫ আগস্ট-পরবর্তী সময়ে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বঞ্চনার শিকার হয়েছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ডিআইজি মো. আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিন কর্মকর্তার শেষ কর্মদিবস উপলক্ষে পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রতিবেদকের নাম 






















