
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে এবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আফগানিস্তানকে হারালেই অবশ্য ফাইনাল নিশ্চিত হবে না বাংলাদেশের। নেট রান রেটের হিসাবও মেলাতে হবে তাদের। জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে দলটির। অন্যদিকে, আফগানদের বড় ব্যবধানে হারাতে পারলে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের।
এক ম্যাচে জয় নিয়ে +৩.১৬০ নেট রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ।
ফাইনালে ওঠার সমীকরণ
বাংলাদেশ আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানে জিততে হবে। পরে ব্যাটিং করলে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যের ওপর নির্ভর করবে জয়ের ব্যবধান ও প্রয়োজনীয় সময়। হিসাব অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে, ২৪০ রানের লক্ষ্য ৪১.১ ওভারের মধ্যে এবং ২৫০ রানের লক্ষ্য ৪১.৩ ওভারের মধ্যে তাড়া করতে হবে।
একইভাবে ২৬০ রানের লক্ষ্য পেলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য পেলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য পেলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।
মুখোমুখি লড়াইয়ে সমতা
ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা। এসব জয় এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।
প্রতিবেদকের নাম 

























