মেটাবলিক সিন্ড্রোম হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে পেটের অতিরিক্ত মেদ, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা ও চর্বির অস্বাভাবিক মাত্রার মতো একাধিক ঝুঁকি একসঙ্গে দেখা দেয়। সময়মতো নিয়ন্ত্রণ করা না হলে টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক ও ফ্যাটি লিভারের মতো বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।
তবে জীবনযাত্রায় কিছু স্বাস্থ্যকর পরিবর্তন এনে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
কারা বেশি ঝুঁকিতে?
পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমা, রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, ভালো কোলেস্টেরল বা এইচডিএল কমে যাওয়া, উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করা বেড়ে যাওয়ার মতো সমস্যা থাকলে মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়তে পারে।
বিশেষ করে শরীরের কোথায় চর্বি জমছে, সেটিও গুরুত্বপূর্ণ। পেটের আশপাশে অতিরিক্ত চর্বি জমলে বিভিন্ন জীবনযাত্রাজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে।
ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে তা কমানোর চেষ্টা করা উচিত। খুব কম ক্যালরির ডায়েট অনুসরণ করে দ্রুত ওজন কমানোর পরিবর্তে সুষম খাবার ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা বেশি কার্যকর।
খাবারে অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা কমিয়ে জটিল শর্করা, পর্যাপ্ত প্রোটিন এবং স্বাস্থ্যকর খাবার রাখার পরামর্শ দেওয়া হয়।
খাবারের তালিকায় পরিবর্তন আনুন
মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমাতে নিয়মিত খাবারে শাকসবজি, সবুজ পাতাযুক্ত সবজি, ফলমূল, মাছ, ডিম, চামড়াবিহীন মুরগি এবং উদ্ভিজ্জ প্রোটিন রাখতে পারেন।
একসঙ্গে অতিরিক্ত খাবার না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ।
নিয়মিত ব্যায়াম করুন
শরীরকে সক্রিয় রাখা মেটাবলিক সিন্ড্রোম নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রমের লক্ষ্য রাখা যেতে পারে।
শুরুতে কম সময় ব্যায়াম করলেও সমস্যা নেই। ধীরে ধীরে সময় বাড়িয়ে নিয়মিত অভ্যাসে পরিণত করা উচিত। পাশাপাশি সপ্তাহে কয়েক দিন স্ট্রেংথ ট্রেনিং করলে পেশিশক্তি বাড়ানো এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করতে পারে।
মানসিক চাপ কমান
দীর্ঘস্থায়ী মানসিক চাপও স্বাস্থ্যকর জীবনযাপনে বাধা সৃষ্টি করতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মেডিটেশন, যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
মানসিক চাপের সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা থাকলে খাবারের পরিমাণের দিকেও নজর দেওয়া জরুরি।
ঘুমের দিকে নজর দিন
ভালো ঘুম শরীরের সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিয়মিত সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস করা ভালো।
রাতে অতিরিক্ত ভারী খাবার না খাওয়া, খাবারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা এবং ঘুমের আগে অতিরিক্ত পানি পান এড়িয়ে চলা ঘুমের মান ভালো রাখতে সহায়ক হতে পারে।
সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি অনেকাংশে জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ, সুষম খাবার, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা জরুরি।
উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বা কোলেস্টেরলের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নেওয়া উচিত।
প্রতিবেদকের নাম 


























