
শেখ হাসিনার অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রচারিত শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং দেশটির বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য ভারতের অবস্থান নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। তার দাবি, এ বিষয়ে ভারতের ভূমিকা দ্বৈত মানদণ্ডের পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, “রাজনীতিতে চোরাপথে ক্ষমতায় আসা একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালে ছাত্র-জনতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে। সেই দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের ক্ষোভ থেকেই জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।”
ভারতের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, “ভারত তার রাজনৈতিক অবস্থানের কারণে অন্য দেশের পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও ভিন্ন ধরনের আচরণ করছে।”
আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সে সময়ের ঘটনাবলি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার গুরুত্বের কথাও উল্লেখ করেন।
প্রতিবেদকের নাম 



















