বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কর্মসূচির পাশাপাশি টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় আয়োজিত ওয়েবিনারটির সহ-আয়োজক ছিল বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ। আগামীকাল বুধবার (১২ আগস্ট) ‘ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হবে।
ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ দায়ী। এসব রোগের কারণে হওয়া মৃত্যুর ১৯ শতাংশ অকালমৃত্যু।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপ রয়েছে প্রথম স্থানে।
এ ছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বক্তারা বলেন, তরুণদের মধ্যে এ প্রবণতা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু কমাতে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য টেকসই অর্থায়ন জরুরি। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে এটি সবচেয়ে লাভজনক বিনিয়োগ হতে পারে।
ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক চিকিৎসা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, স্বাস্থ্য বাজেট বাড়ানো ইতিবাচক উদ্যোগ। তবে বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় করা প্রয়োজন।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সহ-সভাপতি ও ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন বলেন, স্বাস্থ্য বাজেট ব্যবহারে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে সরকারকে উৎসাহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ ওয়েবিনারে অংশ নেন।
প্রতিবেদকের নাম 


























