দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মোট ১৯৩ রান করেছেন বাবর। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান পরাজিত হলেও দ্বিতীয় টেস্টে তার গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ে জয় পায় দলটি। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
দ্বিতীয় টেস্টে বাবর প্রথম ইনিংসে ৮৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
২০২৪ সালের সেপ্টেম্বরে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দশ থেকে ছিটকে গিয়েছিলেন বাবর। এর আগে টানা তিন বছর তিনি টেস্ট ব্যাটিংয়ের শীর্ষ দশে ছিলেন।
টেস্ট ক্যারিয়ারে বাবরের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দ্বিতীয়। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ফেরার পর আবারও র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নেওয়াকে বাবরের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















