নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় থেকে সাতটি দোকান পুড়ে গেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে বড় বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাজারের উত্তম মজুমদারের প্লাস্টিক পণ্যের দোকানে প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরে ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি ইউনিট টানা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে ছয় থেকে সাতটি দোকান পুড়ে যায়।
আহত পাঁচজন
আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী ও স্থানীয় দুই ব্যক্তি আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, আগুন নেভানোর সময় তাদের তিন কর্মী ও স্থানীয় দুই ব্যক্তি বিভিন্নভাবে আহত হয়েছেন।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় থাকায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে কিছুটা বিঘ্ন ঘটে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























