যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত রাসায়নিকভর্তি ট্যাংক ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে বা বিস্ফোরিত হতে পারে—এমন আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার একটি ট্যাংকে প্রায় সাত হাজার গ্যালন অত্যন্ত দাহ্য রাসায়নিক মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের কারণে ট্যাংকের ভেতরে তাপ ও চাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্যাংকে নিয়মিত পানি ছিটানো হচ্ছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গার্ডেন গ্রোভ এলাকার হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উড়োজাহাজ ও মহাকাশযানের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান জিকেএন অ্যারোস্পেস পরিচালিত এই কারখানাটি জনপ্রিয় ডিজনিল্যান্ড রিসোর্ট থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, থিম পার্কটি বর্তমানে ঝুঁকির বাইরে রয়েছে।
অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা রেজিনা চিনসিও-কোয়ং জানিয়েছেন, রাসায়নিকটির বাষ্প শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের গন্ধ অনুভব করলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলেছেন।
এদিকে অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রতিরোধব্যবস্থা নেওয়া হয়েছে যাতে রাসায়নিক ছড়িয়ে পড়লেও তা সীমিত রাখা যায়। কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান জিকেএন অ্যারোস্পেস স্থানীয় বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে তারা জরুরি সেবা বিভাগ ও বিশেষজ্ঞ দলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সূত্র: বিবিসি
প্রতিবেদকের নাম 

























