দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার বা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
অর্থাৎ, মাত্র চার দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাবের ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। ফলে এ পদ্ধতিতে পাওয়া পরিমাণকে তুলনামূলকভাবে নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়।
রিজার্ভের এই বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন ও ডলার সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদকের নাম 




















