দিনাজপুরের হাকিমপুরে দুই শিশুকন্যাকে রাস্তার পাশে রেখে চলে যাওয়ার ঘটনায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘এখানে থাকো, টাকা নিয়ে আসছি’—এ কথা বলে সন্তানদের রেখে গেলেও দীর্ঘ সময় পরও ফিরে আসেননি ওই নারী। পরে হিলি থানা মোড়ে বসে মায়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়ে দুই শিশু।
রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি বন্দরের ৪ নম্বর গেটের সামনে থানা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার কিছু আগে হিলি বন্দরের চার নম্বর গেটের সামনে একটি অফিসের বারান্দায় দুই শিশু বসে কান্না করছিল। তাদের কাছে জানতে চাইলে শিশুরা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন, ‘থাকো, আমি টাকা নিয়ে আসি।’ এরপর আর তিনি ফিরে আসেননি।
তিনি আরও জানান, শিশু দুটিকে খাবার কিনে দেওয়া হলেও তারা খেতে চায়নি। মায়ের জন্য অপেক্ষা করতে করতে কান্নাকাটি করছিল। পরে বিষয়টি থানায় জানানো হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত এবং বর্তমানে ঢাকায় থাকেন। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে চলে যান।
ওসি বলেন, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশু দুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।
প্রতিবেদকের নাম 

























