বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রেখে প্রথম ১০ মিনিটেই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তোলে আফ্রিকার দলটি।
প্রাথমিক চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করেন ইগর থিয়াগো। সতীর্থের পাস পেয়ে অনুকূল অবস্থানে বল পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। দুর্দান্ত এক থ্রু পাস ধরে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে চিপ শটে বল জালে জড়ান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ৩২তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার শটে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়।
বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ব্রাজিল কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মরক্কোও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও সফল হতে পারেনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল ও মরক্কো।
এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বের শুরুতেই মূল্যবান দুই পয়েন্ট হারালো ব্রাজিল। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট তুলে আত্মবিশ্বাসী সূচনা করলো মরক্কো।
প্রতিবেদকের নাম 

























