যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
এ পরিস্থিতিতে ক্রুদের অভিযোগ ও অসন্তোষের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। তাসনিমের দাবি, নৌসেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে তাসনিম। সংঘর্ষে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ঘটনার পরও রণতরীটির ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাসনিমের তথ্য অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা রণতরীটির অন্যতম প্রধান মিশন বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ একটানা সমুদ্র মোতায়েন বলে দাবি করা হয়েছে। তবে গত জুলাইয়ে ওমানে স্বল্প সময়ের জন্য এটি বিরতি নেয়।
প্রতিবেদকের নাম 



















