স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেলেও এখনই কারামুক্তি পাচ্ছেন না। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের ওপর আপিল বিভাগ স্থগিতাদেশ দেওয়ায় তার মুক্তি আটকে গেছে।
এ বিষয়ে গত ৭ আগস্ট ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে অভিনেতা আলভীকে কারামুক্তি দেওয়া সম্ভব না হওয়ার কারণ জানিয়ে একটি চিঠি ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
আদালতের নথি থেকে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয় থেকে চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের পর কারাগারে মুক্তির আদেশ পৌঁছালেও আপিল বিভাগের স্থগিতাদেশের কারণে আলভীকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিনেতা আলভীকে জামিন দেন। অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। প্রাথমিক শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে রুল জারি করেন। পরে শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিনের আদেশ দেওয়া হয়।
আদালতে জাহের আলভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলভীর বিরুদ্ধে মামলা করা হয়।
ওই মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আলভী। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য আলভীকে সাত দিনের রিমান্ডে নিতে গত ২১ জুন আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে ২৪ জুন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও আপিল বিভাগের স্থগিতাদেশের কারণে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে অভিনেতা জাহের আলভীকে।
প্রতিবেদকের নাম 




















