দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী দুই দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এর প্রভাবে তিস্তা, ধরলা, দুধকুমার ও সুরমা-কুশিয়ারা অববাহিকার নদ-নদীর পানি বাড়তে পারে। ফলে কয়েকটি এলাকায় আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই দিন রংপুর ও সিলেট বিভাগসহ ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনায় বাড়তে পারে পানি
ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল থাকলেও যমুনার পানি বাড়ছে। আগামী পাঁচ দিন পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা রয়েছে।
সিলেট অঞ্চলে বন্যার ঝুঁকি
সুরমা-কুশিয়ারা অববাহিকায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। ছাতক ও শেরপুর পয়েন্টে নদীর পানি সতর্কসীমায় অবস্থান করছে।
আগামী ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়লে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। কিছু এলাকায় চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও জানানো হয়েছে।
তিস্তা অববাহিকায় সতর্কতা
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর স্টেশন বর্তমানে সতর্কসীমায় রয়েছে। পানি আরও বাড়লে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
নেত্রকোণায় বাড়ছে ঝুঁকি
মধ্যাঞ্চলে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বেড়েছে। সোমেশ্বরী নদীর কমলাকান্দা স্টেশন বর্তমানে সতর্কসীমায় রয়েছে।
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীর কিছু অংশে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীর আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গঙ্গা-পদ্মা অববাহিকায় গঙ্গার পানি বাড়লেও পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনে উভয় নদীর পানি বাড়তে পারে, তবে তা বিপৎসীমার নিচে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী তিন দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও বিপৎসীমার নিচে থাকবে বলে জানানো হয়েছে। উপকূলীয় নদীগুলোতে আগামী দুই দিন স্বাভাবিক জোয়ার অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদকের নাম 

























