মিশরীয় তারকা ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিতে ইস্তাম্বুলে পৌঁছেছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বুধবার (৬ আগস্ট) ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে পৌঁছালে সালাহকে স্বাগত জানাতে জড়ো হন হাজারো সমর্থক। ট্রাবজোনস্পোরের লাল-নীল জার্সি পরে বিমানবন্দরে নামেন এই ফুটবল মহাতারকা। এ সময় ভক্তদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান সালাহ। পরে ট্রাবজোনস্পোরের ঐতিহ্যবাহী স্লোগানেও কণ্ঠ মেলান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন ক্লাবের জার্সি পরে সালাহ বলেন, বিশ্ব এখন ট্রাবজোনস্পোরকে নিয়ে আলোচনা করছে। তিনি দ্রুতই ক্লাবটির সমর্থকদের সামনে মাঠে নামার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিমানবন্দর থেকে সালাহ মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করতে যান। এরপর তুরস্কের ব্ল্যাক সি অঞ্চলের ট্রাবজোন শহরে যাওয়ার কথা রয়েছে তার।
ট্রাবজোনস্পোরের চেয়ারম্যান এরতুগরুল দোগান জানিয়েছেন, বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৩৪ বছর বয়সী এই তারকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সালাহ ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন। তুর্কি সুপার লিগের ইতিহাসে এটি অন্যতম বড় দলবদল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে দীর্ঘ সময় দাপট দেখানো সালাহকে দলে ভেড়ানো ট্রাবজোনস্পোরের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ক্লাবটি এই চুক্তির মাধ্যমে নিজেদের শক্তি আরও বাড়ানোর পাশাপাশি লিগ শিরোপার লক্ষ্যে এগিয়ে যেতে চায়।
প্রতিবেদকের নাম 























