
ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত একীভূত হওয়া প্রসঙ্গে দেওয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওই বক্তব্যকে বাংলাদেশের অখণ্ডতা ও রাষ্ট্রীয় মর্যাদার পরিপন্থি উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সরকারের কাছে বিষয়টির মর্যাদাপূর্ণ সুরাহা দাবি করেছেন।
রোববার (১৪ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাবান রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের জনগণ সবসময় ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে জনগণ অতীতের মতো যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর ভারতের নবনিযুক্ত হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন, তা কূটনৈতিক শিষ্টাচার, আন্তর্জাতিক রীতি-নীতি এবং রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের জনগণকে একীভূত জনসংখ্যার অংশ হিসেবে উপস্থাপন করা এবং বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্রসত্তা সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে—এমন মন্তব্য কোনো দায়িত্বশীল কূটনীতিকের কাছ থেকে প্রত্যাশিত নয়।
তিনি দাবি করেন, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে দেশের জনগণ মনে করে। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে সরকারের উচিত তাঁর কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া। বক্তব্যটি পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যদি ওই বক্তব্য আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার ইঙ্গিত বহন করে, তবে তা অবশ্যই নিন্দনীয়। এ বিষয়ে সরকারের কাছে মর্যাদাপূর্ণ ও গ্রহণযোগ্য সুরাহা প্রত্যাশা করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্মান, সমতা, ন্যায়বিচার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকা উচিত। কোনো পক্ষের আধিপত্যবাদী বা কর্তৃত্ববাদী মনোভাব দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।
একই সঙ্গে তিনি ভারতের নবনিযুক্ত হাইকমিশনারকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের অনুরোধ করেন।
প্রতিবেদকের নাম 



















