
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর অপেক্ষা এখন শেষ পর্যায়ে। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। টুর্নামেন্ট সামনে রেখে সম্ভাব্য শিরোপা জেতা দলগুলো নিয়ে নিজের মতামত জানিয়েছেন বিখ্যাত কোচ জোসে মরিনহো।
ইতালির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচ বিশ্বকাপের পাঁচটি ফেবারিট দলের নাম বলেন। তার মতে, শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকতে পারে পর্তুগাল জাতীয় দল। মরিনহো মনে করেন, বর্তমান স্কোয়াড ও প্রতিভার কারণে পর্তুগালের এবার বড় সুযোগ আছে।
তার তালিকায় দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে জায়গা পেয়েছে ব্রাজিল। বিশেষ করে দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির উপস্থিতিকে তিনি বড় সুবিধা হিসেবে দেখছেন। মরিনহোর ভাষায়, আনচেলত্তির মতো কোচ যেকোনো দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারেন।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও শিরোপা দৌড়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেছেন তিনি। মরিনহোর মতে, আর্জেন্টিনা দলগতভাবে খুবই সংগঠিত এবং খেলোয়াড়দের মধ্যে শক্তিশালী ঐক্য রয়েছে, যা তাদের বড় সুবিধা।
এছাড়া ফ্রান্স দলকে নিয়ে তিনি বেশ প্রশংসা করেছেন। তার দাবি, ফ্রান্সের স্কোয়াডে এত গভীরতা রয়েছে যে তারা চাইলে একাধিক সমান মানের দলও গঠন করতে পারে।
ইংল্যান্ডকেও ভবিষ্যতের সম্ভাবনাময় দল হিসেবে দেখছেন মরিনহো। যদিও এখনো বড় কোনো শিরোপা না পেলেও দলটি বড় সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে তিনি মনে করেন।
তবে মরিনহোর এই তালিকায় স্পেন জাতীয় দলের নাম না থাকায় ফুটবল বিশ্লেষকদের মধ্যে কিছুটা বিস্ময় তৈরি হয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনকে উপেক্ষা করা কঠিন বলেই মনে করছেন অনেকে।
বিশ্বকাপ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন মরিনহোর এই ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখা যাবে, তার করা এই অনুমান শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়।
প্রতিবেদকের নাম 




















